রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় শাকিল শেখ (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ছাত্র।
নিহত শাকিল তিতুমীর কলেজের অ্যাকাউন্টিংয়ে প্রথম বর্ষের ছাত্র। তিনি রাজবাড়ীর আক্কাস আলীর ছেলে। শাকিল মহাখালীর ওয়ারলেস রেলগেট এলাকায় থাকতেন। আহত হয়েছেন একই কলেজের দর্শনের তৃতীয় বর্ষের ছাত্র মো. রায়হান (২৩)। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চার বন্ধু আমতলী এলাকায় রাস্তা পারাপারের সময় কলেরা হাসপাতালের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার এসআই মিজানুর রহমান।








