বিশ্ব ইজতেমায় ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর আগমনের প্রতিবাদে রাজধানীর বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করছে হেফাজত ও তাবলিগ জামাতের একাংশের কর্মীরা। সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিমানবন্দর সড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল করতে পারলেও, চারটার পর থেকে পুরোসড়ক বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। তারা রাস্তায় বসে পড়েছেন। ফলে যানবাহন চলাচল করতে না পারায় পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করায় বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করতে পারছে না। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
বিমানবন্দর এলাকার সড়কের ওপরে হাজার হাজার আলেম-ওলামা বিক্ষোভ করছেন। ব্যস্ততম এ সড়কে বিক্ষোভের ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। এর মধ্যে বিমানের যাত্রীও রয়েছেন অনেকে। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে যাত্রা শুরু করেছেন।
বিমানবন্দর সড়ক বন্ধ থাকায় গুলশান-১ নম্বরের লিংক রোড থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের বাম লেনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অন্যদিকে, বিপরীত পাশে যানবাহন আসতে না পারায় সড়ক ফাঁকা দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর খিলক্ষেত এলাকায় কয়েক হাজার যাত্রী লাগেজ ও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনও যাত্রীবাহী বাসের দেখা নেই। এমনকি সিএনজিচালিত অটোরিকশা বা প্রাইভেটকারও চলতে দেখা যাচ্ছে না। যানবাহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
বিকালে নতুন বাজার এলাকায় যানজটে আটকা পড়া তুরাগ পরিবহনের চালক ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে থেমে থেমে গাড়ি চালাতে পেরেছি। কিন্তু দুপুরের পর থেকে যানজট আর ছাড়ছে না। শুনেছি, বিমানবন্দর এলাকায় রাস্তা বন্ধ করে তাবলিগের হুজুররা বিক্ষোভ করছেন।’
যানজটের দৃশ্য দেখা গেছে কাওরানবাজার, ফার্মগেট, মহাখালী, বনানী, খিলক্ষেত, কুড়িল সড়কেও।
সুপ্রভাত পরিবহনের কয়েকজন যাত্রী জানান, প্রায় একঘণ্টা ধরে তারা বাসে বসে ছিলেন। গাড়ি নড়ছে না। ফলে বাধ্য হয়েই তারা হেঁটে যাত্রা শুরু করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরা, জসিম উদ্দিন, রাজলক্ষ্মী, হাউস বিল্ডিং, আব্দুল্লাহপুরসহ পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট ছড়িয়ে পড়ে আরও তীব্র আকার ধারণ করেছে।








