ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের সম্মানে এ বছর রাজধানী ঢাকায় বার্ষিক ওরস করছে না বলে জানিয়েছে কুতুববাগ দরবার শরীফ। যদিও ডিএনসিসি’র পক্ষ থেকে বার্ষিক এই আয়োজনের অনুমতিই পায়নি তারা। ঢাকায় না করতে পেরে এ বছর ওরসটি নারায়ণগঞ্জের কুতুববাগ দরবার শরীফে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কুতুববাগ দরবার শরীফের পীর আলহাজ মাওলানা সৈয়দ জাকির শাহ নকশাবন্দি মোজাদ্দেদি কুতুববাগী এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক গত বছর বলেছিলেন, আমরা যেন এখানে আর ওরস না করি। তিনি মারা গেছেন। তার সম্মানেই এ বছর ঢাকায় ওরস করা হবে না।’ আগামী ২৫ ও ২৬ জানুয়ারি তাদের বার্ষিক ওরস নারায়ণগঞ্জে হবে বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনবান্ধব পদক্ষেপের মুখে রাজধানীর ফার্মগেটস্থ কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ বন্দর এলাকায়। এর আগে, গত ১৭ বছর ধরে ঢাকার ফার্মগেট পার্কের রাস্তা বন্ধ করে ওরস করে আসছিল কুতুববাগ।
তবে গত বছরের ডিসেম্বর মাসে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুতুববাগীদের ওরসের মঞ্চ ভেঙে দেয়। ডিএনসিসির ওই অভিযানের পরে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ডিএনসিসির বিরুদ্ধে মুখ খুললেন কুতুববাগ পীর।
মাওলানা সৈয়দ জাকির শাহ বলেন, ‘ডিএনসিসি কোনও ধরনের চিঠি ছাড়া আমাদের তোরণ নির্মাণে বাধা দেয়। হঠাৎ করে উচ্ছেদ করে, যা উচিত হয়নি। আমরা দীর্ঘদিন ধরে পুলিশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ওরস করে আসছি। ডিএনসিসি গত বছর থেকে দায়িত্ব পাওয়ার পরে আমাদের ওরস করতে বাধা দেয়। অথচ আমাদের ওরস করার জন্য নিরিবিলি ও ছোট স্থান দরকার। কিন্তু আমরা এখনও পাইনি।’
নারায়ণগঞ্জে এখন থেকে স্থায়ীভাবে ওরস করবেন কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘তা আল্লাহপাক জানেন। আমি কিভাবে বলবো?’
আরও পড়ুন-
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষকদের ১৬ সংগঠনের
শিশুখাদ্যে জীবাণু: ‘বেবীকেয়ার’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ








