কক্সবাজার সদর হাসপাতালের দুই কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৭২১ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক জেলা হিসাব রক্ষকসহ চারজনের বিরুদ্ধে আটটি মামলার অনুমোদন দিয়েছে দুদক। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ অনুমোদন দেয় কমিশন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন, কক্সবাজারের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এফতেখারুল আলম, সাবেক জেলা হিসাবরক্ষণ অফিস সুপার (বর্তমানে উপজেলা হিসাবরক্ষণ অফিস, রামু) আব্দুচ ছবুর, কক্সবাজার জেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক অডিটর ( বর্তমানে উখিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর) নাছির উদ্দিন মো. আবু সুফিয়ান ও কক্সবাজার জেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক অডিটর গোলাম মোহাম্মদ চৌধুরী।
তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১০-২০১১ অর্থবছরে কক্সবাজার সদর হাসপাতালের পৌরকর খাতে ভুয়া বিল তৈরি করে ৬০ লাখ টাকা, নার্সিং ইনস্টিটিউটের পৌরকর খাতে ভুয়া বিল তৈরি করে ৫ লাখ টাকা, কক্সবাজার সদর হাসপাতালের কর্মচারীদের নামে ভুয়া বেতন পরিশোধ দেখিয়ে ১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৮৭০.৭৫ টাকা, কক্সবাজার সদর হাসপাতালের কর্মচারীদের নামে ভুয়া শ্রান্তি বিনোদন ভাতা পরিশোধ দেখিয়ে ৭ লাখ ১ হাজার ৫৪৫ টাকা, নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীদের বৃত্তি ভাতা খাতে পরিশোধ দেখিয়ে ১২ লাখ ৯৬ হাজার ৮৯৯ টাকা, কক্সবাজার সদর হাসপাতালের কর্মচারীদের নামে ভুয়া উৎসব ভাতা পরিশোধ দেখিয়ে ২০ লাখ ৩৬ হাজার ১৭ টাকা, নার্সিং ইনস্টিটিউটের কর্মচারীদের উৎসব ভাতা পরিশোধ দেখিয়ে ১ লাখ ৮ হাজার ৪৫ টাকা, নার্সিং ইনস্টিটিউটের কর্মচারীদের বেতন পরিশোধ দেখিয়ে ২৩ লাখ ২৮ হাজার ৩৪৪ টাকা আত্মাসাৎ করেছেন।
এ অভিযোগের অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক ফারজানা ইয়াসমিন (টিম লিডার), হুমায়ুন কবীর, উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হবে।








