আওয়ামী লীগ সরকারের আমলে মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘এ সরকারের আমলে মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। অতীতের তুলনায় মিডিয়ার ভূমিকা অনেক ইতিবাচক। জনগণকে সব শক্তির উৎস মনে করলে তাদের সব তথ্য জানাতে হয়। মিডিয়া সেই কাজটি প্রতিনিয়ত স্বাধীনভাবে করে যাচ্ছে।’
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি দৈনিক পত্রিকার দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।
আলোচনায় প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি রোল মডেল। বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সূচকে প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে। আমরা তথ্য-উপাত্ত ও জরিপের মাধ্যমে জানতে পেরেছি, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’
ইকবাল সোবহান আরও বলেন, ‘যে পাকিস্তানের নির্যাতন থেকে মুক্ত করে বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন, অনেকেই সেই পাকিস্তানের সঙ্গে আমাদের উন্নয়নের তুলনা করেন। কিন্তু সেই পরাজিত পাকিস্তান আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে; অন্যদিকে, বাংলাদেশ সফলতার এক অনন্য দৃষ্টান্ত।’
অনুষ্ঠানে সরকারের তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।








