ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের প্রশাসনিক ভবনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাবির প্রশাসনিক ভবনে ভাঙচুরসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ ও উপাচার্যকে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা, বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী করেছে বলে শিক্ষক সমিতি মনে করে না।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবারের (২৩ জানুয়ারি) ঘটনা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে বহিরাগত সন্ত্রাসীদের অপপ্রয়াস। নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসেবে বহিরাগত সন্ত্রাসীরা এমনটা করেছে।
বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতি বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও কর্তৃপক্ষকে সাহায্য-সহযোগিতা করতে শিক্ষার্থী-শিক্ষকদের প্রতি অনুরোধসহ প্রকৃত সত্য তুলে ধরতে দেশের গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়েছে।








