ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌন মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) দুপুরে অপরাজেয় বাংলা'র পাদদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন আয়োজন করেন।
নিপীড়নবিরোধী কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা একঘণ্টা নির্বাক কণ্ঠে মানববন্ধন করেন। এসময় তারা সবাই মুখে কালো কাপড় দিয়ে ছাত্রলীগের হামলার নিন্দা জানান।
ছাত্রলীগের হামলার শিকার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে বলেন,‘গত মঙ্গলবার আমরা দাবিগুলো নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদে আমরা মানববন্ধন করছি।’
শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানিয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছিল। তাদেরকেও ছাত্রলীগ নিপীড়ন করেছে। এখন শিক্ষার্থীরা ছাত্রলীগের নিপীড়কদের বিচার দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে গেলে ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে। এটা আসলে প্রশাসনের ব্যর্থতা।’
আরও পড়ুন:








