রাজধানীর একটি হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু হয়েছে ফরিদপুর মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সাবেক সহকারী পরিচালক ডা. সাইদুর রহমানের (৬১)।
বনানী থানার উপপরিদর্শক রিপন কুমার জানান, মঙ্গলবার দুপুরে মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে ডা. সাইদুরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
ডা. সাইদুর রহমানের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীয়া গ্রামে। ফরিদপুর ম্যাটস এর সহকারী পরিচালক পদ থেকে গত বছরের ১৩ এপ্রিল অবসরে যান তিনি।
ডা. সাইদুরের ছেলে মো. সোহান বলেন, ‘গতকাল সোমবার বাবা এলাকার মো. সুলতানকে (৫০) নিয়ে ঢাকার মহাখালীর প্রগতি আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। মঙ্গলবার দুপুরে সুলতান খাবার খেতে বাইরে যান। ফিরে এসে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান এবং আমাকে ফোন করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি বনানী থানাকে জানায়। পরে পুলিশ এসে দরজা খুলে ভেতরে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তার গলায় ও বাম হাতে রক্তাক্ত কাটা জখম ছিল।’
তিনি আরও বলেন, ‘বাবা পেনশনের টাকা পাওয়া নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। তবে হোটেলে কীভাবে এ ঘটনা ঘটল তা বুঝতে পারছি না।’
বনানী থানার উপপরিদর্শক রিপন কুমার বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ডা. সাইদুর আত্মহত্যা করেছেন। এছাড়াও মৃত্যু অন্য কোনও কারণ আছে কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে।’








