বিভিন্ন টার্মিনাল থেকে চাঁদা আদায় বন্ধ করাসহ ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত ২০১৩) এর বিধিমালা ১৫ অনুসারে শ্রমিকদের মাসিক বেতন ও নিয়োগপত্র দেবেন সড়ক পরিবহন মালিকরা। কিন্তু মালিকরা তা দেন না। বিভিন্ন টার্মিনাল থেকে চাঁদা আদায় বন্ধ, প্রত্যেক জেলায় পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণকেন্দ্র স্থাপন, শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করাসহ ১২ দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমাদের এই যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে।
তারা আরও বলেন, আগামী ২৮ মার্চের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ২৯ মার্চ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবো। এরপর মিছিল নিয়ে শ্রম প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো।
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন– সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামসহ অনেকে।








