নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি। এসময় সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বাগত জানানোর কথা জানানো হয়।
এসময় সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির পদ খালি ছিল। দেশের ইতিহাসে কখনও এধরনের ঘটনা ঘটেনি। প্রধান বিচারপতির পদ খালি থাকার কারণে আইনজীবী, বিচারপ্রার্থীসহ দেশের সর্বস্তরের মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিল। প্রধান বিচারপতি নিয়োগের পর সবার মধ্যে স্বস্তি এসেছে।’
এসময় নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আইনজীবীদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রসঙ্গ তুলে জয়নুল আবেদীন বলেন,‘অবশ্যই আমরা বলবো এখানে সুপারসেশন (জ্যেষ্ঠতা লঙ্ঘন) হয়েছে। আইনজীবী সমাজ, দেশের মানুষ এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আইনের শাসনে বিশ্বাস করে। দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে তারা থাকতে চাই এবং সব সময় এই বার অ্যাসোসিয়েশনকে দল নিরপেক্ষভাবে পরিচালনা করবো।’
তিনি আরও বলেন, ‘আইনজীবী সমিতি বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের পক্ষে নয়। তারপরও যেহেতু পরিবর্তিত পরিস্থিতে এই নিয়োগটি গতকাল হয়েছে, তাই আমরা মনে করি বাংলাদেশের প্রধান বিচারপতির শূন্যপদ পূরণ হয়েছে। এ কারণে আমরা আজকের শপথ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সাড়ে ১০টার সময় প্রধান বিচারপতিকে অভিনন্দন জানানো হবে। সেখানে আমরা অংশ নেব। আমরা সকল আইনজীবীদের নিয়ে উপস্থিত থাকবো।’
এর আগে বিকাল পাচঁটায় আইনজীবী সমিতির এক জরুরি সভা ডেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সমিতির সভাপতি।
এ সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি অজি উল্লাহ, সহ-সম্পাদক উম্মে কুলসুম রেখাসহ সমিতির আওয়ামী ও বিএনপিপন্থী সদস্যরা উপস্থিত ছিলেন।








