বাল্যবিয়ে নিরোধ আইন বাতিল চায় আওয়ামী ওলামা লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৯

আওয়ামী ওলামা লীগের মানববন্ধন বাল্যবিয়ে নিরোধ আইন বাতিলসহ ১৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামি সংগঠন। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা।

সমাবেশে বক্তারা বলেন,  বাল্যবিয়ের বিরুদ্ধে এনজিওগুলোর অব্যাহত তথ্য সন্ত্রাসের শিকার হয়ে অনৈতিক বাল্যবিয়ে নিরোধ আইন প্রণয়ন করেছে সরকার।  অথচ দেশে ১৮ বছরের নিচে ছেলে-মেয়েদের বিয়ে বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারী মায়ের সংখ্যা। এ নিয়ে মুসলিমবিদ্বেষী এনজিও বা সরকারের কোনও মাথাব্যথা নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক গুতম্যাকার ইনস্টিটিউটের জরিপে বলা হয়েছে, ২০১৪ সালে বাংলাদেশে ১১ লাখ ৯৪ হাজার অবৈধ গর্ভপাত করা হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে বক্তারা বলেন, বছরে বাংলাদেশে প্রায় পাঁচ  লাখ ভ্রূণ শিশু হত্যা করা হয়। এর বেশির ভাগ হচ্ছে ১৮ বছরের নিচে কুমারী মায়ের অবৈধ ফসল।

বক্তাদের দাবি , বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী প্রতি ঘণ্টায় ১৪ জন শিশু মারা যায়। সে হিসেবে বছরে মারা যায় ১ লাখ ২২ হাজার ৬৪০ জন। তারা আরও বলেন,  ইউনিসেফের দাবি অনুযায়ী, অল্প বয়সে বিয়ে করলে যদি ২৩ হাজার শিশু মারা যায়, তবে বাকি ৯৯ হাজার ৬৪০ জন শিশু কেন মারা যায়? সুতরাং বাল্যবিয়ের কারণে শিশু মৃত্যুর প্রচারণা মূলত দ্বীন ইসলামবিদ্বেষী এনজিওদের মিথ্যা প্রপাগান্ডা।

বিশ্বের অন্যান্য দেশে ১৫ বছর বয়সে বিয়ের অনুমতি আছে দাবি করে তারা বলেন, নারীবাদী এবং এনজিওদের তীর্থস্থান ইউরোপ এবং আমেরিকার কয়েকটি দেশে আদালতের অনুমতিতে ১৫ বছর বয়সে মেয়েরা বিয়ে করতে পারে। তাই আমাদের দাবি, বাল্যবিয়ে নিরোধ নামের কুফরি আইন বাতিল করতে হবে। এর পাশাপাশি বাল্যবিয়ে বিরোধী ও ইসলামবিদ্বেষী এনজিওসহ জড়িতদের শনাক্ত করে এদের নিষিদ্ধ করতে হবে।

আওয়ামী ওলামা লীগ এবং অন্যান্য সমমনা দলের দাবিগুলোর মধ্যে রয়েছে— শিক্ষানীতি ২০১০ বাতিল ও বিতর্কিত শিক্ষা আইন পাস না করা, প্রশ্ন ফাঁস রোধে ব্যর্থ হওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, লাক্স- চ্যানেল আই’র উদ্যোগে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতার নামে দৈহিক ব্যবসা বন্ধ এবং ফরিদুর রেজা সাগর ও ইউনিলিভারের সিইওকে গ্রেফতার, হাতিরঝিলসহ দেশের বিভিন্ন মসজিদ ভাঙা বন্ধ, ঢাকা শহর বিকেন্দ্রীকরণ, অর্পিত সম্পত্তি আইন বাতিল এবং নারীদের বিবস্ত্র হওয়ার আহ্বান করায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ আখতার হুসাইন বুখারি। এছাড়া, ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখসহ  সমমনা দলের নেতারা উপস্থিত ছিলেন।

   

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম