রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে খোলা তেল বিক্রি না করতে মালিকদের আবারও সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে এ তথ্য জানা গেছে।
তবে ডিএমপি’র সংশ্লিষ্টরা বলছেন, এটা নতুন কিছু নয়। পাম্পে খোলা তেল বিক্রি আগে থেকেই নিষিদ্ধ। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে পেট্রোল বোমা বা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে এই অগ্রিম প্রস্তুতি নেওয়া হয়েছে।
বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, দৃশ্যমান স্থানে একাধিক নোটিশ লাগানো হয়েছে। সাদা কাগজে এরকম একটি নোটিশে লেখা আছে— ‘খোলা তেল সরবরাহ নিষেধ। আদেশক্রমে ডিএমপি।’ এছাড়া, অন্য আরেকটি সাদা কাগজে লেখা রয়েছে সংশ্লিষ্ট থানার ফোন নম্বর। যা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পাম্প কর্তৃপক্ষকে বলা হয়েছে।
হোটেল রুপসী বাংলা সংলগ্ন শাহজাহান এন্টারপ্রাইজের সহকারী ম্যানেজার মোশাররফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার ডিসি (রমনা) অফিস থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে একই নির্দেশনা আগেও ছিল। নোটিশটি দেখা যায় এমন জায়গা লাগিয়ে রাখতে বলেছে পুলিশ কর্তৃপক্ষ।’
নাম প্রকাশে অনিচ্ছুক একটি পেট্রোল পাম্পের ম্যানেজার বলেন, ‘খোলা তেল বিক্রি আগে থেকেই বন্ধ। নিষেধাজ্ঞার পর থেকে আমাদের এখানে খোলা তেল বিক্রি করি না। কিন্তু অনেক পাম্প আছে, যারা বেশি উপার্জনের আশায় খোলা তেল বিক্রি করে। সেগুলো বন্ধ করার জন্য সতর্কতা জারি করা হয়েছে।’
পাম্পের লাইসেন্স নবায়নের একটি শর্ত হচ্ছে খোলা তেল বিক্রি না করা। রাজধানীতে ৮ ফেব্রুয়ারি ঘিরে কোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে ঘটতে না পারে, সেজন্য পুনরায় এ নিষেধাজ্ঞা দিয়ে পাম্প মালিকদের সতর্ক করা হয়েছে বলে জানান ডিএমপি রমনা জোনের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা জারি করা হয়েছে। এটা নতুন কোনও নিষেধাজ্ঞা নয়।’
একই কথা বলেন ডিএমপি রমনা জোনের উপকমিশনার মারুফ হোসেন সরদার। তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞা আগে থেকেই রয়েছে। পাম্পে খোলা তেল বিক্রি নিষিদ্ধ। এটা নতুন কিছু নয়।’








