জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দলের দুই নেত্রীর আনা ফল ফিরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার দুপুরে নাজিমউদ্দিন রোডের শাহী মসজিদের সামনে পুলিশের ব্যারিকেড থেকেই ওই ফল ফিরিয়ে দেওয়া হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার জন্য ফল নিয়ে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কাউসার জাহান ফরিদা এবং ভেড়ামারা আদর্শ মহিলা কলেজের শিক্ষক ও স্থানীয় বিএনপি নেত্রী ফারিহা আক্তার। পরে বেলা পৌনে একটার দিকে তারা ফল দিতে না পেরে ফিরে যান।
ফল নিয়ে আসা কাউসার জাহান বলেন, ‘আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই এসেছিলাম। তারাই আসতে বলেছেন। এখন পুলিশ সদস্যরা কাগজপত্রের কথা বলছেন।’ দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, ‘ফল নিয়ে আসা নেত্রীদের কাছে প্রয়োজনীয় অনুমতিপত্র ছিলো না।’
এর আগে, গতকাল শুক্রবারও (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার জন্য ফল নিয়ে আসেন— ‘অর্পণ বাংলাদেশ’-এর সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইন এবং স্বেচ্ছসেবক দল ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি এস এম জিলানির স্ত্রী রওশন আরা। কিন্তু জেলগেটের আগে নাজিমউদ্দিন রোডের শাহী মসজিদের সামনের ব্যারিকেডেই তাদের আটকে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: কর্মীদের আনা ফল পেলেন না খালেদা জিয়া








