রাঙামাটির বিলাইছড়ি উপজেলার মারমা জাতিগোষ্ঠীর নির্যাতনের শিকার দুই বোনকে সদর হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর তাদের হাসপাতাল থেকে নিয়ে যায় পুলিশ। গত ২৩ জানুয়ারি থেকে তারা এই হাসপাতালে ভর্তি ছিলেন।
এ ব্যাপারে রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত ইকবাল বলেন, ‘আমরা দুই বোনকে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। তারা এখন পুলিশ হেফাজতে আছেন।’
অন্যদিকে, রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান বলেন, ‘চিকিৎসাধীন দুই মারমা তরুণীকে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। পুলিশ তাদের মা-বাবার জিম্মায় দিয়েছে। তারা এখন তাদের পরিবারের সঙ্গেই আছেন। তাদের নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখছে।’
গত ২২ জানুয়ারি গভীর রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ওড়াছড়ি গ্রামের ওই দুই বোন যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ ওঠে। পরদিন তাদের রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়।








