রাজধানীর বাড্ডায় বড়ট্যাগ নামক এলাকায় খোকন ফকির (৫০) নামে এক অটোরিকশা চালককে খুন করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের গ্রামের বাড়ি জামালপুরে। তার পিতার নাম মো. হযরত আলী ফকির। পরিবার নিয়ে ১৩ বছর ধরে তিনি ঢাকায় থাকছেন। নিহতের স্ত্রীর নাম নূরজাহান বেগম। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে রাজধানীর বাড্ডা কৃষি ব্যাংক রোডের ১৮১০ নম্বর বাসায় থাকেন তারা।
এসআই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত অটোরিকশা চালকের লাশ বাড্ডার বড়ট্যাগ এলাকায় পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে খুনিরা।’
তিনি বলেন, ‘প্রথমে নিহতের ঠিকানা পাওয়া যায়নি। তার পরনে চেক শার্ট ও লুঙ্গি ছিল। পরে আমরা তার পকেটে একটা মোবাইল নম্বর পাই। পরে সেই নম্বরে ফোন দিলে তার স্ত্রী-সন্তান এসে লাশ শনাক্ত করেন। তাদের মাধ্যমেই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশ উদ্ধারের পর সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।’
তিনি আরও বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলে মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে আমরা খুনিদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেছি। আশা করি খুব দ্রুত খুনিদের গ্রেফতার করতে পারবো।’








