ডাকাতিতে জড়িত ১৩ জনই ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী!

নুরুজ্জামান লাবু
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১১

ডাকাতিতে জড়িত ১৩ জনই ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী!

রাজধানীর সূত্রাপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৭ লাখ টাকা ডাকাতি করে নেওয়ার সঙ্গে জড়িতরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী। ডাকাতির এই ঘটনায় মোট ১৩ জন জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা, যার মধ্যে ৬ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, জড়িত বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে বাকিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

গত ১৯ ফেব্রুয়ারি বিধান চন্দ্র দত্ত নামে কুমিল্লার এক স্বর্ণ ব্যবসায়ী তার এক সহযোগীকে নিয়ে তাঁতীবাজার এলাকায় স্বর্ণ বিক্রি করে ৩৭ লাখ টাকা নিয়ে রিকশাযোগে রাজধানী মার্কেটের দিকে যাচ্ছিলেন। বিধানের নিজের কোমরে সাড়ে ১২ লাখ এবং পায়ের অ্যাংলেটের ভেতরে ৫ লাখ টাকা ছিল। আর তার বন্ধু বিধু মিত্রের কোমরে ১৪ লাখ এবং পায়ের অ্যাংলেটের ভেতরে ৬ লাখ টাকা ছিল। দুপুর সোয়া ১২টার দিকে ১৩নং কুঞ্জবাবু লেনের কাছে তাদের রিকশার গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে সব টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে বিধান চন্দ্র দত্ত বাদী হয়ে সূত্রাপুর থানায় সোহাগ, শুভ, তরিকুল ইসলাম টগর, আওলাদ হোসেন, রবিন, অন্তর, রায়হান আহম্মেদ শাওনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

জানতে চাইলে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, ‘ছিনতাই-ডাকাতি প্রতিরোধে আমাদের পুলিশ পোশাকে এবং সাদা পোশাকে সবসময় কাজ করছে। সূত্রাপুরের ঘটনাটি জানার পরপরই আমরা মামলা নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া কিছু অর্থও উদ্ধার করা হয়েছে। বাকিদেরও সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।’

মামলার তদন্ত ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাকাতির এই ঘটনায় মোট ১৩ জন অংশ নেয়। এই ঘটনায় নেতৃত্ব দেয় আবুল হাসান ওরফে মিঠু এবং দেওয়ান নাসির উদ্দিন ওরফে সোহাগ। তাঁতীবাজার এলাকা থেকে স্বর্ণ বিক্রির পর টাকা নিয়ে যাওয়ার তথ্য দেয় আলাউদ্দিন। মিঠু বংশাল থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর দেওয়ান নাসির উদ্দিন ওরফে সোহাগ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। তরিকুল ইসলাম ওরফে টগর, আওলাদ হোসেন, মাকসুদ, রবিনও বংশাল এবং সূত্রাপুর থানা ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। শফিকুল ও মাহবুব সুমন স্বেচ্ছাসেবকলীগের রাজনীতি করে। আলাউদ্দিন হুন্ডি ব্যবসায়ী হিসেবে পরিচিত। সেই মূলত এই অর্থের খোঁজ-খবর দিয়েছিল।

সূত্রাপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মিরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরা কেউ এখন সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। এদের আমি চিনিও না।’ তবে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রাপুর থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘ডাকাতির এই ঘটনার সঙ্গে জড়িত অনেকেই আগে পদ-পদবিতে ছিল। কিন্তু আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তাদের কেউ কেউ ছাত্রলীগ থেকে যুবলীগ বা স্বেচ্ছাসেবকলীগে যাওয়ার জন্য চেষ্টা করছে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকার কারণেই তারা দিন-দুপুরে ডাকাতি করার সাহস পেয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত দলের কয়েক সদস্যকে সনাক্ত করে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার পরদিন প্রথম নাসির উদ্দিন সোহাগকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। ২১ ফেব্রুয়ারি সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। ওই জবানবন্দিতে সে মিঠুসহ অন্য সবার নাম প্রকাশ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিঠু ও রবিনকে গ্রেফতার করা হয়। একদিন পর ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তরিকুল, আওলাদ ও মাকসুদকে। গত সোমবার মাকসুদও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই নাজমুল হোসেন বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িতদের সবাইকে সনাক্ত করা হয়েছে। যে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলচ্ছে।’

নাজমুল হোসেন আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি করা প্রায় পৌনে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ডাকাতির পর সবাই বান্ডিল ধরে টাকা ভাগাভাগি করে নিয়ে যায়। ডাকাতির টাকার বড় অংশ আলাউদ্দিনের কাছে রয়েছে। একারণে আলাউদ্দিনসহ অন্যদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম