ট্রেনের ছাদে লাশ, হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

আমানুর রহমান রনি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩১

নিহত সাকিব গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থাকা কর্ণফুলী এক্সপ্রেসের ছাদ থেকে রক্তাক্ত এক তরুণের লাশ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ। তার নাম সাকিব খান (১৭)। নিহত এ তরুণের বাবার অভিযোগ, স্থানীয় এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে সাকিবকে খুন করা হয়েছে। ফেসবুকে নরসিংদীর স্থানীয় সংসদ সদস্যের ছবির নিচে বাজে কমেন্টস করার জেরে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা।

সাকিব নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের হোমিও চিকিৎসক মো. শরফুউদ্দিনের ছেলে। মা পারুল বেগম ফুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। নিহত সাকিব রাজধানীর শেরেবাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার বিকালে নিহত সাকিবের বাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা যাওয়ার উদ্দেশে সাকিব গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। সে সিএনজিচালিত অটোরিকশায় করে পলাশ থেকে ঘোড়াশাল রেলস্টেশনে যায়। সন্ধ্যা ৭টার দিকে সে তার মাকে ফোন দিয়ে জানায়-ট্রেন এসেছে, আমি এখন ট্রেনে উঠবো, আমাকে আর ফোন দিও না। এরপর আর সে ফোন দেয়নি। আমরা রাত ৯টার দিকে ফোন দিয়ে তার নম্বর বন্ধ পাই। রাত যত বাড়ে আমাদের চিন্তা বাড়ে। এরপর আমরা তার ঢাকার রুমমেট আল-আমিনকে ফোন দেই। সেও আমাদের জানায়, সাকিব রুমে আসেনি। এরপর আমরা তাকেও সাকিবের বন্ধুদের কাছে ফোন দিতে বলি। তবে কেউ সাকিবের তথ্য দিতে পারেনি।’

তিনি বলেন, ‘শনিবার রাতে আমরা কেউ ঘুমাইনি। পরদিন সকালে পলাশ থানার এক এসআইয়ের সঙ্গে আমি বিষয়টি শেয়ার করি। সে রেলওয়ে থানা পুলিশে (জিআরপি) খোঁজ নিতে বলে। তার পরামর্শ অনুযায়ী আমি রেলওয়ে থানায় খোঁজ নেই। তবে রেলওয়ে থানা পুলিশ জানায়, শনিবার রাতে কোনও ট্রেন দুর্ঘটনা ঘটেনি। নরসিংদী রেলওয়ে পুলিশ আমাদের ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় খোঁজ নিতে বলে। এরপর ঢাকায় আসি। ঢাকার আসার আগে যে অটোতে সে বাড়ি থেকে ঘোড়াশাল রেলস্টেশন গিয়েছিল তার সঙ্গেও কথা বলে নিশ্চিত হয়েছি, সাকিব ট্রেনে উঠছিল।’

সাকিবের বাবা বলেন, ‘আমরা ঢাকায় এসে কমলাপুর জিআরপি থানায় খোঁজ নেই। তাদের কাছে আমি ছেলের বর্ণনা দেই। তার সঙ্গে কী কী ছিল, তাও জানাই। জিআরপি পুলিশ আমাকে জিজ্ঞাস করে, আপনার ছেলে ট্রেনের ছাদে চড়ে এসেছে কিনা? আমি বললাম, তা তো জানি না। তারা আমার বর্ণনা শুনে নিজেদের মধ্যে কথা বলে। এরপর আমাকে তারা লাশের ছবি দেখায়। আমি তখন চিৎকার দিয়ে কান্না শুরু করি।’

জিআরপি পুলিশ সোমবার সাকিবের ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। স্বজনরা তার মৃতদেহ নিয়ে দুপুরে পলাশের ফুলবাড়ীয়ায়  গ্রামের বাড়ি চলে যান।

সাকিবের বাবা বলেন, ‘সাকিব গত ২১ ফেব্রুয়ারি ছুটিতে গ্রামের বাড়ি যায়। ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকার উদ্দেশে রওনা দেয়। তার আবার রবিবার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল।’

সাকিবের মৃত্যুর বিষয়ে তার বাবা অভিযোগ করেন, ‘গত ২৭ জানুয়ারি ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান গাজী আকাশ, মুন্নাসহ ৫/৬ জন বাড়িতে এসে সাকিবকে হত্যা করার হুমকি দিয়ে যায়। আমাদের বাড়ির সামনের সবাই তা দেখেছে। তারা মোটরসাইকেলে আসছিল। কিন্তু আমরা বাড়িতে না থাকায় সাকিবের মায়ের মোবাইল নম্বরে ফোন করে হুমকি দিয়ে সাকিবকে বাড়ি আসতে নিষেধ করে। বলে বাড়ি এলে মেরে ফেলবে। কারণ জানতে চাইলে সে জানায় ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য (নরসিংদী-২)কামরুল আশরাফ খান পোটনের ছবির নিচে সে বাজে কমেন্টস করেছে। এরপর আমার স্ত্রী আমাকে বিষয়টি জানান। তখন ওই মোবাইল নম্বর নিয়ে আমি তাকে ফোন দিয়ে কথা বলি। তার সঙ্গে দেখা করি। তখন ছাত্রলীগের সভাপতি আকাশকে জিজ্ঞাসা করি, কী কমেন্টস করেছে? কিন্তু সে কোনও কমেন্টস দেখাতে পারেনি। এরপর আমি চেয়ারম্যান কামরুল গাজী ও আকাশের বাবাকেও বিষয়টি জানাই। আকাশ বলেছিল, তাকে চেয়ারম্যান কামরুল গাজী পাঠিয়েছিল। তবে চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলে জেনেছি, তাকে কামরুল গাজী পাঠাননি।’

নিহত সাকিবের বাবা আরও বলেন, ‘আমি আকাশের কাছে জানতে চেয়েছিলাম কেন আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিল? তখন সে হুমকির বিষয়টি অস্বীকার করে বলে, আমার ছেলেকে নাকি ছাত্রলীগের কী পদ দিতে চেয়েছিল, কিন্তু সাকিব তাদের কথা শোনে না। আমি তাকে পদ দিতে নিষেধ করি।’ তিনি বলেন, ‘এরাই আমার ছেলেকে খুন করেছে। তারা এখন এলাকায় নেই।’

হুমকির পর থানায় কোনও জিডি করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভয়ে জিডি করিনি। যদি ওরা মেরে ফেলে। তাই চুপচাপ ছিলাম। কিন্তু তারা যে সত্যিই এমন করবে, তা জানতাম না। আকাশ লেখাপড়া করেনি, সে উচ্ছৃঙ্খল হিসেবে পরিচিত। আমি তার বাবাকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি বলেছেন, আকাশ তার কথা শোনে না।’

সাকিবের খালু বলেন, আকাশ ও মুন্না হুমকি দিয়েছিল। এ নিয়ে এলাকায় কথা হয়েছে, তা আমিও শুনেছি। সাকিবের ফুফাতো ভাই মানিক মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, আজ ৬ ঘণ্টা আগেও সাকিবের ফেসবুক আইডি চালু পাওয়া গেছে। 

তবে সাকিবের বাবার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা আকাশ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাকিবের বাবার কথা সত্য নয়। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, কারণ সংসদ সদস্যের ছবির নিচে সে বাজে কমেন্টস করেছিল। এটা আমরা তার মায়ের কাছে বলে এসেছি। সাকিবের মাকে বলে এসেছি, এমন বাজে কথা লিখলে সাকিব এলাকায় আসবে কীভাবে। চেয়্যারম্যান কামরুল গাজী আমাকে পাঠিয়েছিলেন। এমনকি ওই কমেন্টস চেয়্যারম্যানকেও আমি দেখিয়েছিলাম।’

সাকিবের মৃত্যুর খবর কীভাবে পেয়েছেন জানতে চাইলে আকাশ বলেন, ‘আমরা ওদের বাড়ির পাশের মানিক নামের এক ছেলের ফেসবুক স্ট্যাটাস থেকে জানতে পেরেছি ট্রেন দুর্ঘটনায় সাকিবের মৃত্যু হয়েছে।’

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, সাকিবের শরীরের একাধিক ছুরিকাঘাতের জখম ছিল। এ কারণেই তার মৃত্যু হয়েছে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট এখনও আমরা পাইনি। রিপোর্ট পেলে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। লাশ দাফনের পর নিহতের পরিবারের আসার কথা রয়েছে। এখনও কোনও মামলা হয়নি। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক