সিরিয়ায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শনিবার (৩ মার্চ) শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে বিকাল ৫টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে এ সমাবেশ করা হয়েছে।
সমাবেশে যোগ দেওয়া ব্যক্তিরা বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড দেখিয়ে সিরিয়ায় গণহত্যার প্রতিবাদ জানান। কয়েকটি প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘অবিলম্বে সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে’, ‘বিদ্রোহী দমনের নামে গণহত্যা বন্ধ করতে হবে', ‘বিদ্রোহী দমনের নামে শিশু হত্যা বন্ধ করতে হবে', ‘যুদ্ধ ধ্বংস সাম্রাজ্যবাদ পুঁজিবাদ' ইত্যাদি।
বিক্ষোভ সমাবেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আজ একবিংশ শতাব্দীতে এসে কেন গণহত্যা দেখতে হচ্ছে? শিশুদের কেন অকালে ঝরে পড়তে হচ্ছে? আজ সিরিয়ায় ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। এ হত্যাযজ্ঞ শুরু হয়েছে ২০১১ সালে। ২০১৫ সাল পর্যন্ত চার লাখ মানুষকে সিরিয়ায় হত্যা করা হয়েছে। সর্বশেষ যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তাতে সাড়ে ছয় শতাধিক মানুষ মারা গেছে। এদের মধ্যে অধিকাংশ হলো শিশু।’
তিনি বলেন,‘মানুষ হিসেবে আমাদের অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব। আজ সিরিয়ায় যদি অস্ত্র সরবরাহ বন্ধ করা না হয়, তাহলে যুদ্ধে আরও বেড়ে যাবে। যখন একদিকে মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে কিছু দেশ অস্ত্র ব্যবসা করে লাভবান হচ্ছে।’
ছাত্র ফেডারেশনের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরশাদুল হক ইসতিয়াকের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি উম্মে হাবিব বেনজির, কোন্দ্রীয় সহ-সভাপতি আল জাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ।








