সিলেটে পাথর কোয়ারি ধসে অব্যাহত শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। রবিবার (৪মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কোয়ারি ধসের প্রতিকারের দাবিতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটির নেতা কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের বিভিন্ন পাথর কোয়ারিতে পাথর উত্তোলন করতে গিয়ে প্রায় প্রতি মাসেই শ্রমিক নিহতের ঘটনা ঘটছে। গত দুই সপ্তাহে সিলেটের কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুরে পাথর তোলার সময় পাড় ধসে মারা গেছেন ৮ শ্রমিক। গত ১৩ মাসে সিলেটের বিভিন্ন পাথর কোয়ারিতে কমপক্ষে ৫২ জন পাথর শ্রমিক নিহত হয়েছেন।
তারা আরও বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশনা অবিলম্বে কার্যকর করে পাথর শ্রমিক মৃত্যুর মিছিল থামাতে হবে।
মানববন্ধন শেষে নেতারা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী ডা ওয়াজেদুল ইসলাম খান, নাঈমুল হাসান জুয়েল, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান সালাউদ্দিন আহম্মদসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা।








