যুক্তরাষ্ট্রভিত্তিক আগামী ইনকরপোরেটেডের সহযোগী সংস্থা আগামী এডুকেশন ফাউন্ডেশনের (এইএফ) তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর কলাবাগানের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানের সভাপতি এম. মসিহউজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে এ সভা শুরু হয়।
এরপর যুক্তরাষ্ট্র থেকে আগামী ইনকরপোরেটেডের প্রেসিডেন্ট বাবু এফ রহমানের পাঠানো শুভেচ্ছা বার্তা সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে পড়ে শোনানো হয়।
এইএফের নির্বাহী পরিচালক নাফিসা খানম সভায় প্রকল্পের কার্যক্রমের হালনাগাদ সার্বিক দিক তুলে ধরেন। এক্ষেত্রে প্রকল্পের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন। তিনি তার উপস্থাপনায় প্রতিষ্ঠানের গড়ে ওঠা, স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য তহবিল সংগ্রহে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়গুলোও তুলে ধরেন।
এরপর এইএফের পরিচালক (প্রোগ্রাম) শিবনাথ সরকার চলমান বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিগুলোর সাফল্য ও চ্যালেঞ্জসমূহ ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। এছাড়াও এইএফের পরিচালক (প্রশাসন) এম আব্দুর রহমান খান রানা প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এরপর প্রতিষ্ঠানটির অর্থ-বিষয়ক পরিচালক ডা. তাজকেরা খানম গত এক বছরে সংস্থার আয়-ব্যায়ের হিসাব, আর্থিক অনুদান ও বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করেন। তিনি এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে প্রকল্প ও কর্মসূচি পরিচালনায় আর্থিকভাবে সহযোগিতা করায় তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা উন্নয়নে কাজ করে আগামী এডুকেশন ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভাটি পরিচালনা করেন প্রশাসনিক পরিচালক এম আব্দুর রহমান খান। সভায় এইএফ’র কার্য-নির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য, প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীসহ মোট ৩৭ জন এতে অংশগ্রহণ করেন।








