‘প্রবেশপত্র পেয়েছি, কিন্তু পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়েছেন প্রিন্সিপাল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ২১:১৩আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২১:১৩

প্রবেশপত্র হাতে কয়েকজন শিক্ষার্থী



রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঢাকা মহানগর কলেজ কর্তৃপক্ষ মডেল টেস্টের নামে অতিরিক্ত অর্থ না দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার (২৭ মার্চ) সকালে কলেজের সামনের সড়কে অবস্থান নেয় পরীক্ষার্থীরা। এ প্রতিবাদের মুখে প্রবেশপত্র দেওয়া হলেও ফাইনাল পরীক্ষায় আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় কর্তৃপক্ষ ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে পরীক্ষার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ।
শিক্ষার্থীরা জানায়, টেস্ট পরীক্ষার নেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ মডেল টেস্টের নামে অতিরিক্ত একটি পরীক্ষা নেয়। এটাকে বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়। কিন্তু এটা বাধ্যতামূলক হওয়ার কথা নয়—এমন ভাবনা থেকে অনেকেই পরীক্ষা দেয়নি। কিন্তু যারা পরীক্ষা দেয়নি এবং যারা ফেল করেছে সবার কাছ থেকে প্রতি বিষয়ের জন্য ৫০০ টাকা, অর্থাৎ মোট ১২টি বিষয়ের জন্য ছয় হাজার টাকা না দেওয়ায় প্রবেশপত্র আটকে দেয় কলেজ কর্তপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে কলেজে আসলেও প্রবেশপত্র না দিয়ে বলা হয়, টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না। তারা বলে, ‘আমাদের সঙ্গে প্রচুর দুর্ব্যবহার করা হয়েছে। খুব খারাপ খারাপ কথা বলেছেন শিক্ষকরা।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলে, ‘আজ (মঙ্গলবার) বাধ্য হয়ে আমরা কলেজের সামনে অবস্থান নিলে বিকেলে আমাদের অ্যাডমিট কার্ড দিয়েছে, কিন্তু প্রিন্সিপাল হুমকি দিয়েছেন, ফাইনাল পরীক্ষায় আইসিটি বিষয়ের ২৫ মার্কস তাদের হাতে, সেটাতে তারা ফেল করিয়ে দেবেন। অনেকেরই রোল নম্বর লিখে নিয়েছেন শিক্ষকেরা। বলেছেন, তোমাদের আসতেই হবে, আইসিটি পরীক্ষা দিতে আসবে তখন দেখে নেবো।’
ওই শিক্ষার্থী বলে, ‘যে পরীক্ষা নেওয়ারই কথা নয়, সেই পরীক্ষা না দিলে অতিরিক্ত টাকা নেওয়া অন্যায়। তাছাড়া এটা যদি সরকারি খাতে যেতো তাহলেও আমরা দিতাম, কিন্তু তারা টাকা নিচ্ছে হাতে হাতে, সরকারি হলে ব্যাংকে টাকা দিতে হতো। তাছাড়া এটা যদি নির্দিষ্ট হতো তাহলে দরদামও করতেন না, কোনও কোনও পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিতে গেলে তার সঙ্গে দরদাম করা হয়েছে, বলা হয়েছে- তোমার আব্বু কত দিতে পারবে, তোমার কত টাকা দেওয়ার সক্ষমতা আছে।’
মডেল টেস্টের নোটিশে ‘বি. দ্র.’ বলে উল্লেখ করা হয়েছে— ‘মডেল টেস্ট বাধ্যতামূলক। কোনও পরীক্ষার্থী সব পরীক্ষায় অনুপস্থিত থাকলে জরিমানা বাবদ পাঁচ হাজার টাকা দিতে হবে। এবং কেউ অনুপস্থিত অথবা অকৃতকার্য হলে তাকে প্রতি বিষয়ের জন্য ৫০০ টাকা দিতে হবে। জরিমানা ছাড়া কাওউকে এইচএসসি-২০১৮ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে না।’
এ বিষয়ে জানতে চাইলে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফসানা হাসান মিমি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষার্থীরা পড়াশোনা করে না, তাদের চাপের মধ্যে রাখতে হয়। চাপে থাকলে তারা পড়াশোনা করবে, পরীক্ষায় ফেল করবে না। আর এ কারণেই এই মডেল টেস্টের আয়োজন করা হয়েছে। আর টাকা তো সবার কাছ থেকে নেওয়া হয়নি, শুধুমাত্র যারা ফেল করেছে এবং পরীক্ষা দেয়নি, তাদের কাছ থেকে জরিমানা চাওয়া হয়েছে।’
পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে— এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘তাদের কোনও হুমকি দেওয়া হয়নি। তারা যে যেমন পরীক্ষা দেবে তেমনই নম্বর পাবে। সেখানে আমার কোনও হাত নেই।’

/আরএআর/ এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম