বগুড়ার নন্দীগ্রামের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের একই উপজেলার মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার সভাপতির পদ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার সভাপতি পদে থাকা কেন অবৈধ ও বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে হুমায়ুন কবির বলেন, আইন অনুযায়ী ফাজিল মাদ্রাসার সভাপতি হওয়ার কথা সংশ্লিষ্ট জেলার ডিসি, এডিসি বা কোনও শিক্ষাবিদের। এছাড়া, সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না মর্মে সর্বোচ্চ আদালতের রায় রয়েছে।
তাই ওই সংসদ সদস্যের মাদ্রাসার সভাপতি পদের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়। মাঝগ্রাম এম. এ ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক মো. আতিকুজ্জামান এ রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন।








