বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নবনিযুক্ত মহাপরিচালক পদে মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম যোগদান করেছেন। বুধবার (২৮ মার্চ) সকালে বিজিবি’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন রেজা বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, নবনিযুক্ত মহাপরিচালক বুধবার সকালে পিলখানায় আসার পর বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এর আগে তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ২ মার্চ ১৯৬৬ সালে জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২৫ জুন ১৯৮৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুরের একজন গ্র্যাজুয়েট। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র থেকে ইনফ্যান্ট্রি অফিসার্স অ্যাডভান্স কোর্স, সৌদি আরব থেকে স্টাফ কোর্স ও আরবি ভাষা কোর্স সম্পন্ন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন।
মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সামরিক কর্মজীবনে স্টাফ, প্রশিক্ষক ও কমান্ড পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি স্টাফ পর্যায়ে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক এবং আর্মড ফোর্সেস ডিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পর্যবেক্ষক হিসেবে ইরাকে নিয়োজিত ছিলেন।








