লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মৃত উদ্ধার শিশু নুসরাত জাহানের (৮) হত্যাকারীদের ফাঁসির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলাবাসী। শুক্রবার (৩০ মার্চ) বিকালে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এম.এ. মমিন পাটোয়ারী, উপজেলা যুব লীগের যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া সুমন, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মানু।
মানববন্ধনে মমিন পাটোয়ারী বলেন, শিশু নুসরাতের হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি। এরকম জঘন্য কাজ একজন মানুষ কীভাবে করতে পারে তা ভেবে পাচ্ছি না। আশা করছি সরকার এমনভাবে এ হত্যার বিচার করবে যেন কেউ কখনো ধর্ষণের কথা চিন্তা না করতে পারে।’
এর আগে ২৩ মার্চ শুক্রবার জুম্মা নামাজের পর থেকে নুসরাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ২৬ মার্চ সকালে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া ঠাকুর বাড়ির ব্রিজের নিচের পানি থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। ধারণা করা হয়, শিশু নুসরাতকে ধর্ষণ করে গলায় দড়ি পেঁচিয়ে লাশ পানিতে ফেলে দেওয়া হয়।







