ডিবি পরিদর্শক জালাল হত্যাকাণ্ড

‘দুই হাতে অস্ত্র উঁচিয়ে গুলি করে হাসান’

নুরুজ্জামান লাবু
০৪ এপ্রিল ২০১৮, ০০:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৩:৪৪

নূর মোহাম্মদ মানিক “হাসান তার দুই হাতে দুইটা অস্ত্র নিয়ে গুলি করে। অন্ধকারে লোকটাকে চিনতে পারি নাই। গুলি খেয়ে লোকটা ‘ও স্যার’ বলে চিৎকার করে।” ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দীন হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে আসামি নূর মোহাম্মদ মানিক। ঘটনার দিন প্রধান আসামি হাসানের সঙ্গে সেও ছিল বলে জানিয়েছে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে।

সোমবার (৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ হকের আদালতে স্বীকারোক্তি দেয় মানিক। গত রোববার (২ এপ্রিল) রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১১ জানুয়ারি মিরপুরের মধ্য পীরেরবাগের ২৯৯/৯/১/এ নম্বর বাসার চতুর্থতলায় বসবাসরত দুই সার্জেন্ট মামুনুর রশীদ ও সোহেল রানার সরকারি দুটি আগ্নেয়াস্ত্র চুরি হয়। এ ঘটনার প্রায় আড়াই মাস পর চুরি হওয়া পিস্তল দুটি উদ্ধার করতে গত ১৯ মার্চ রাতে পীরেরবাগের ১০৫/১/এ নম্বর বাসার দোতলার ছাদে টিনশেড বাসায় অভিযান চালাতে গিয়ে নিহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক জালাল উদ্দিন ওরফে জাহাঙ্গীর। এর তিন দিনের মাথায় ২২ মার্চ দিবাগত রাতে মধ্য পীরেরবাগের ভাঙাব্রিজ এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় প্রধান সন্দেহভাজন আসামি হাসান আলী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি পশ্চিম) মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিদর্শক জালাল হত্যাকাণ্ডে হাসানের সঙ্গে এই মানিক ছিল। এছাড়া তাদের সঙ্গে সাইফুল নামে আরেকজন ছিল। তারা তিনজন একসঙ্গে ইয়াবা খাওয়ার পর সাইফুল ঘটনাস্থল থেকে চলে যায়।’ উপ-কমিশনার বলেন, ‘গ্রেফতারের পরপরই মানিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আমরা তাদের অন্য সহযোগীদের খুঁজছি।’

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মানিক বলে, ‘গত ১৯ মার্চ আমি ও হাসানের বন্ধু সাইদুল মিলে মধ্য পীরেরবাগের হাসানের বাসায় যাই। হাসানের বাসার পাশে একটি কক্ষে বসে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা তিনজন মিলে ইয়াবা খাই। সাইদুল ইয়াবা খাওয়া শেষে চলে যায়। এ সময় আমি ও হাসান দরজার সামনে পাটি বিছিয়ে গল্প করছিলাম। এর মধ্যে হাসানের স্ত্রী আমাদের কাছে এসে বলে—বাসার পেছন দিক থেকে কারা যেন টর্চ লাইট মারছে। হাসানের স্ত্রী ঘরের লাইট বন্ধ করে দেয়।’

আলোচিত এই ঘটনার তিন দিনের মাথায় সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় বন্দুকযুদ্ধে নিহত হাসানের স্ত্রী তানিয়া বেগম। সেই জবানবন্দিতে তানিয়া তার স্বামী পিস্তল দিয়ে পুলিশকে গুলি করার কথা উল্লেখ করে। তানিয়া বলে, ‘আমার স্বামী হাসান ও তার বন্ধু মানিক ঘরের বাইরে ছাদের ওপর মাদুর বিছিয়ে বসে ছিল। এর কিছু সময় পর কুকুরের ডাক শুনতে পাই। আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার স্বামী ও তার বন্ধু মানিক ছাদের কোনায় দাঁড়িয়ে একজন লোককে লক্ষ্য করে আমার স্বামীর হাতে থাকা কালো রঙের পিস্তল দিয়ে দুটি গুলি করছে।’

মানিক তার জবানবন্দিতে বলে, “আমি আর হাসান দেখছিলাম কারা আসে। ঘরের দক্ষিণ দিকের চিপা দিয়ে একজন লোককে ছাদে ওঠার চেষ্টা করতে দেখি। আমি ও হাসান ওই লোকটার মাথা দেখে তার মাথায় ইট মারি। এরমধ্যে হাসান তার বাসা থেকে দুইটা পিস্তল এনে লোকটাকে গুলি করতে থাকে। অন্ধকারে লোকটাকে চিনতে পারি নাই। পরে গুলি খেয়ে লোকটা ‘ও স্যার’ বলে চিৎকার করে। পরে আমি ও হাসান মিলে ছাদের দক্ষিণ দিক দিয়ে পালাই। আমি আমার বাসাতে যাই। পরের দিন সকালে টিভিতে দেখি গুলিতে নিহত লোকটা পুলিশের লোক।”

গোয়েন্দা সূত্র জানায়, গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া মানিকের বাবার নাম মৃত হুমায়ূন কবির। গ্রামের বাড়ি বাগেরহাট সদরের সরুই এলাকায়। রাজধানীর মধ্য পীরেরবাগে পাম্পের গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকে সে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, মানিক ছিল বন্দুকযুদ্ধে নিহত প্রধান আসামি হাসানের ইয়াবা খাওয়ার সঙ্গী। মানিক স্থানীয় একটি গার্মেন্টে কাজ করার পাশাপাশি হাসানের সঙ্গে গ্রিলকাটা চোরচক্রের সদস্য হিসেবেও কাজ করতো বলে তারা ধারণা করছেন। মানিকের বিরুদ্ধে মিরপুর থানায় দুটি মাদক মামলা রয়েছে। কয়েক মাস আগে সে জেল থেকে জামিনে বেরিয়ে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা জানান, মানিক দুই সার্জেন্টের অস্ত্র চুরির ঘটনায় জড়িত ছিল বলেও তারা ধারণা করছেন। এজন্য তাকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি