রাজধানীর মেরুল বাড্ডায় বাসের ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রুবেল (৩০)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৪ এপ্রিল) সকাল পৌনে ৯ টায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (৩ এপ্রিল) বিকালে বাসের ধাক্কায় আহত হন তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত মো. রুবেল বাড্ডা থানার পাশে ভিআইপি প্রজেক্ট ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি মেরুল বাড্ডায় রিকশা-ভ্যান মেরামতের কাজ করতেন।
মৃতের বাবা শাহ্জামাল জানান,গতকাল মঙ্গলবার বিকালে খাবার খাওয়ার জন্য বাসায় যাওয়ার পথে মেরুল বাড্ডার এশিয়ান হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় রুবেল । পরে তাকে উদ্ধার করে পথচারীরা এশিয়ান হাসপাতাল নিয়ে যায়। সংবাদ শুনে সেখান থেকে তাকে বিকাল সাড়ে ৫ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল পৌনে ৯ টায় তিনি মারা যান।
এসআই বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।








