নির্মাণ শিল্প রক্ষা ও নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থানের দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। বুধবার (৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইনসাব আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান নির্মাণ শ্রমিকরা।
এতে বক্তারা বলেন, ‘নির্মাণ শিল্পের সঙ্গে প্রায় ৩৭ লাখ শ্রমিক যুক্ত আছে। সম্প্রতি নির্মাণ সামগ্রীর মধ্যে রডের দাম টনপ্রতি ৫০ হাজার টাকা থেকে ৭২ হাজার, সিমেন্ট প্রতি ব্যাগ ৩৭০ থেকে ৪৭০ টাকা, ইট হাজার প্রতি ৫০০ টাকা, বালু প্রতি ট্রাকে ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। উল্লেখিত সামগ্রী ছাড়াও সংশ্লিষ্ট নির্মাণকাজের অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। আকস্মিকভাবে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে এরইমধ্যে রিহ্যাব ব্যক্তি মালিকানায় নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেবে বলে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে সরকারি ঠিকাদাররাও হিমশিম খাচ্ছে। যার কারণে লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।’
বক্তারা আরও বলেন, ‘একটি হিসাব অনুযায়ী আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৫০ শতাংশ শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। এ কারণে অনতিবিলম্বে নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানাই। এছাড়া হঠাৎ করে নির্মাণ সামগ্রীর অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধির সঙ্গে সুযোগসন্ধানী কোনও অসাধু সিন্ডিকেট বা ব্যবসায়ীর যোগসাজেশ আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাই।’
ইনসাবের সভাপতি মো. মিজানুর রহমান বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইনসাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা।








