রাজধানীর গুলিস্তানে চলন্ত বাসে অচেতন হয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৪ এপ্রিল) দুপুরে ওই বৃদ্ধকে বাসে অচেতন অবস্থায় পাওয়া গেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পল্টন থানার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএসআই ফারুক জানান, বুধবার দুপুরে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে জয়পাড়া পরিবহন নামে একটি বাসে ঢাকায় আসছিলেন ওই বৃদ্ধ। তার বয়স আনুমানিক ৫০ বছর। পথেই তিনি অচেতন হয়ে পড়েন। বাসটি গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে এলে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই জানান, মৃতের কাছে কিছুই পাওয়া যায়নি। তার পরনে ছিল শার্ট ও প্যান্ট। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
কী কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান এএসআই ফারুক। ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।








