উপযুক্ত পরিবেশ ও যত্ন পেলে অটিস্টিক শিশুরাও ফুলের মতো বিকশিত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বুধবার (৪ এপ্রিল) অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের যাপিত জীবনের বিশেষ বিশেষ মূহূর্তের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি একথা বলেন। একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)’র উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
আসাদুজ্জামান নূর বলেন, ‘উপযুক্ত পরিবেশ ও যত্ন পেলে অটিস্টিক শিশুরাও ফুলের মতো বিকশিত হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে। সেজন্য তাদের ভালোবাসা দিয়ে মানবিক মূল্যবোধ গঠনের সুযোগ দিতে হবে।’
আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভিন্ন মেজাজ ও চিন্তা-চেতনার সঙ্গে পরিচিত হবেন বলেও মত দেন তিনি।
বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ইপনা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেনের অবদানের কথা স্মরণ করেন। তিনি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের সেবায় ইপনা তথা বিএসএমএমইউ সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মাজহারুল মান্নান পার্থ, সহযোগী অধ্যাপক সৈয়দা তাবাছছুম আলম, সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু, সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, ইপনার উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, আলোকচিত্র প্রর্দশনীর আলোকচিত্রী শংকর সাওজাল প্রমুখ।
৪ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রদর্শনী ৭ এপ্রিল পর্যন্ত জাতীয় জাদুঘরের নলীনি কান্ত ভট্টশালী গ্যালারিতে চলবে।








