রাজধানীর কাওরান বাজারে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ওই দুই বাসের চালকদের দু'দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. আব্দুল্লাহ আল মাসুদের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলো বিআরটিসি বাসের চালক অহেদ আলী (৩৫) এবং স্বজন বাসের চালক মো. খোরশেদ (৫০)।
অহেদের বাড়ি নঁওগার সদর উপজেলার ভোতলা বিমপুর গ্রামে। তার বাবা মৃত আইয়েজ উদ্দিন। আর খোরশেদ চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চরদুখিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আফতাব আলী আসামিদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন।
গত মঙ্গলবার (৩ এপ্রিল) কাওরান বাজারে সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে স্বজন বাস ও বিআরটিসির বাসের পাল্লাপাল্লিতে সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেনর হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত বুধবার (৪ এপ্রিল) এ দুই বাস চালককে গ্রেফতার করে শাহবাগ থানার পুলিশ।








