নীতিমালা ভঙ্গ করে ভাড়া বাড়িতে এইচএসসি পরীক্ষা

এস এম আববাস
০৮ এপ্রিল ২০১৮, ০১:০৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ০৮:৩৯

এইচএসসি পরীক্ষা (ফাইল ছবি) পরীক্ষা নীতিমালা ভঙ্গ করে রাজধানীর উত্তরার ট্রাস্ট কলেজের চারটি ভাড়া বাড়িতে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে দুই হাজার ৪০০ শিক্ষার্থীর। এই পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ইনভিজিলেটরও নেই কলেজটির। তাই নিয়মিত শিক্ষকের পাশাপাশি অন্য কলেজের শিক্ষক দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাস্ট কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার কথায় এখানে কেন্দ্র হয়নি। হয়েছে সরকারের সিদ্ধান্তে। বাইরে থেকে শিক্ষক সবাই নেয়; বোর্ডের নিয়ম আছে।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত পরীক্ষায় দায়িত্ব পালনকারী শিক্ষকদের তালিকা যাচাই-বাছাই করে দেখবো। আগামী পরীক্ষার দিন সরেজমিন কেন্দ্রটি পরিদর্শন করবো। কোনও ত্রুটি-বিচ্যুতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের ভাড়া করা চারটি আবাসিক ভবনে উত্তরা এলাকার ১২টি কলেজের দুই হাজার ৪২৪ জন পরীক্ষা দিচ্ছে। কলেজগুলো হলো- মাইলস্টোন কলেজ (বিজ্ঞান), বৈকাল কলেজ (সব বিভাগ), উত্তরা আইডিয়াল কমার্স কলেজ, উত্তরা আইডিয়াল কলেজ, উত্তরা রেসিডেন্সিয়াল কলেজ (বিজ্ঞান ও মানবিক), আনোয়ারা মান্নাফ গার্লস কলেজ, রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ, মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজ, মাইলস্টোন কলেজ (চালাবন), উত্তরা টাউন কলেজ, আমজাদ আইডিয়াল কলেজ ও আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।  

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ পরীক্ষা-২০১৮ পরিচালনা নীতিমালা অনুযায়ী কোনও পরীক্ষার্থী কোনও অবস্থাতেই বোর্ড কর্তৃক অনুমোদিত পরীক্ষা কেন্দ্র ছাড়া অন্য কোনও অননুমোদিত স্থানে পরীক্ষা দিতে পারবে না। অখণ্ড ক্যাম্পাসেই কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। কিন্তু কলেজটি এই নিয়ম মানেনি।

উত্তরার ১৩ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে অসংখ্য আবাসিক ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ট্রাস্ট কলেজ। এরমধ্যে একটি ভবন কেন্দ্র হিসেবে অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে কেন্দ্র সংলগ্ন কোনও প্রতিষ্ঠানে পরীক্ষা নিতে হলে বোর্ড থেকে ভেন্যুর অনুমোদন নিতে হয়। প্রতি ভেন্যুতে একজন হল সুপার নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে।

চলমান এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রে প্রশ্নের প্যাকেট খোলার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মূল কেন্দ্র থেকে দূরে অবস্থিত অননুমোদিত কেন্দ্রে আগেভাগেই প্রশ্নের প্যাকেট খুলে পাঠানো হচ্ছে। এতে প্রশ্নফাঁসের সুযোগ তৈরির আশঙ্কা দেখা দিচ্ছে।

নীতিমালা অনুযায়ী কোনও শিক্ষক তার কলেজের পরীক্ষার্থীর কক্ষে দায়িত্ব পালন করতে পারবেন না। ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবে। এ হিসেবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে ১২১ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় এত সংখ্যক শিক্ষক নেই। কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণিতে এক হাজার শিক্ষার্থী ভর্তির অনুমোদন রয়েছে। অথচ সেই কলেজেই দুই হাজার ৪২৪ জন পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

নীতিমালা অনুযায়ী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতি ছয় ফুট বেঞ্চে দুজন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করেন। কোনও অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না। কিন্তু ট্রাস্ট কলেজের প্রতিটি বেঞ্চের দৈর্ঘ সাড়ে চার ফুট। নিয়ম অনুযায়ী একটি বেঞ্চে একই কলেজের দুজন পরীক্ষার্থী বসতে পারবে না। কিন্তু সেখানে কলেজগুলোর পরীক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বলেন, ‘বেঞ্চের মাপ দেখার জন্য প্রতিদিন মন্ত্রণালয়ের লোক আসেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন।’

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘শিক্ষার্থী বেশি হলে সেক্ষেত্রে ছয় ফুটের পরিবর্তে আধা ফুট কম বেঞ্চে পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হয়। বেশি পরীক্ষার্থী হলে ভেন্যুর অনুমোদন নিতে হয়। আমি কয়েক দিন আগে দায়িত্ব নিয়েছি। তারা ভেন্যুর অনুমোদন নিয়েছে কিনা আমার জানা নেই। তবে অবৈধ ভেন্যুতে পরীক্ষা নেওয়ার কোনও সুযোগ নেই।’

 

 

 

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম