সুপ্রিম কোর্টের অবকাশকালীন আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার (১১ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি আগামী ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ আদালতের অবকাশকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে মনোনিত করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারপতি মির্জা হোসেইন হায়দার আগামী ১৫, ২৪ এবং ৩০ এপ্রিল সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
প্রসঙ্গত, আগামী ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সুপ্রিম কোর্ট এ বছরে প্রথম দফায় অবকাশে যাচ্ছে। অবকাশকালীন আপিল বিভাগের মামলা শুনানি ও নিষ্পত্তিতে চেম্বার জজ ও হাইকোর্ট বিভাগে কয়েকটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।








