প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলতে আজ শুক্রবার মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল ৮টায় নগর ভবনের সামনে এ কর্মসূচি শুরু হবে। কর্মসূচি সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। সংস্থার নিজস্ব কর্মী ও কর্মকর্তাদেরও দেওয়া হয়েছে প্রশিক্ষণ। চালানো হয়েছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে। ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়াও সহায়তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ভারতের গুজরাটে ২০১৭ সালের ২৮ মে বদোধারা শহরেরে মিউনিসিপ্যাল করপোরেশন পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠায়। শহরের একতা ডান্ডিয়া বাজার রোড পরিষ্কার করে এ রেকর্ড গড়া হয়। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা ডিএসসিসির। কর্মসূচি সফল করতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন।
ডিএসসিসি মনে করে, ভারতের ওই শহরে যে সংখ্যক মানুষ নিয়ে সড়ক পরিষ্কার করে বিশ্ব রেকর্ড গড়া হয়েছে তারচেয়ে বেশি পরিচ্ছন্নতাকর্মী রয়েছে ডিএসসিসির। এ অবস্থায় নিজেদের কর্মীদের দিয়ে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পরিচালনা করলেও ওই রেকর্ডটি ভাঙা সম্ভব। এছাড়া, এই কর্মসূচিতে নগরবাসীকে সম্পৃক্ত করা গেলে গিনেস বুকে নাম লেখানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা যাবে। এজন্য চৈত্র সংক্রান্তির দিনে এ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি।
ডিএসসিসির কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ১৩ এপ্রিল সকাল ৭টা থেকে নগর ভবনে ডিএসসিসির নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সেবা সংস্থা, স্কুল-কলেজ, সরকারি, বেসরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দলের কর্মীসহ আগতদের রেজিস্ট্রেশন শুরু হবে। রেজিস্ট্রেশন চলাকালে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার জন্য সবার হাতে একটি করে ঝাড়ু, মাথার ক্যাপ ও মুখের মাস্ক দেওয়া হবে। ঝাড়ুর সঙ্গে একটি বারকোড ও হাতে নির্দিষ্ট যন্ত্র দেওয়া হবে। এরইমধ্যে ৩০ হাজার ঝাড়ু সংগ্রহ করা হয়েছে। গিনেস বুক কর্তৃপক্ষ ড্রোন, স্যাটেলাইট ও লাইভ ভিডিওসহ তাদের নিজস্ব পদ্ধতিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি গণনা করবে।
কর্মসূচি সফল করতে এরই মধ্যে জাতীয় স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ফায়ার সার্ভিস, নৃত্যশিল্পী, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া, নগরবাসীকে উপস্থিত থাকতে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। রেকর্ড গড়তে সর্বনিম্ন ১৫ হাজার মানুষের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অবশ্য এ কর্মসূচিতে অর্ধলাখ বা তারও বেশি জনসমাগমের আশা করছে কর্তৃপক্ষ। উপস্থিতি নিশ্চিত করতে সংস্থার ৫৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে।
কর্মসূচি চলাকালে ৫০ জন করে গ্রুপ করে দেওয়া হবে। প্রতিটি দলকে মনিটরিংয়ের জন্য ডিএসসিসি, অনুষ্ঠানের স্পন্সর কোম্পানি ও গিনেস বুক কর্তৃপক্ষের একজন করে প্রতিনিধি থাকবেন। এসময় যারা মনযোগ দিয়ে কাজ করবেন না, গণনা থেকে তারা বাদ পড়ে যাবেন।
কর্মসূচির নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ব্যবস্থাপনায় সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া থেকে পল্টন পর্যন্ত সড়ক বন্ধ রাখা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা ও ড্রোনের ব্যবস্থা রয়েছে। এসময় যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ডিএসসিসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, এর আগে পাঁচ হাজার লোকবল নিয়ে রেকর্ড গড়েছিল ভারত। শহর পরিচ্ছন্ন অভিযানে অতীতের যে রেকর্ড রয়েছে, তা ভাঙতে ডিএসসিসির লোকবলই যথেষ্ট। বর্তমানে ডিএসসিসির পাঁচ হাজার ২১৬ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছে। সব মিলিয়ে এ কাজে লোকবল রয়েছে সাত হাজারের বেশি। কিন্তু মেয়রের ইচ্ছে বড় একটি রেকর্ড গড়ার, যা সহজে ভাঙা যাবে না।
কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে কিছু জিনিস সঙ্গে না আনার জন্য অনুরোধ করেছেন। সেগুলো হচ্ছে, ক্যামেরা, ব্যাগ, বাইরের খাবার, সিগারেট, বাদ্যযন্ত্র, ধারালো বস্তু, ৮/৪ ইঞ্চির বেশি বড় পার্স, যেকোনও দাহ্য পদার্থ ও ব্রিফকেস।
এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চাই নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে। এর মাধ্যমে এমন একটি রেকর্ড গড়তে, পরবর্তীতে যেটা কেউ ভাঙতে না পারে। ১৩ এপ্রিল আমরা সেই রেকর্ড গড়তে চাই।’ এজন্য ওই দিন নগরবাসীকে একত্রিত হওয়ার আহ্বান জানান মেয়র।








