মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবন আগামী মাসে উদ্বোধন করা হবে। নির্মাণাধীন এই চারটি ২০ তলা ভবনে ৫৩২ জন কর্মচারীর পরিবার থাকার সুযোগ পাবে। ভবনগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে তিনটি ভবনে প্রতি তলায় আটটি এবং একটি ভবনে চারটি ইউনিট রয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্মাণাধীন আবাসিক ভবন পরিদর্শনকালে এসব তথ্য জানান।
গণপূর্ত মন্ত্রী বলেন, ‘মতিঝিল এলাকায় ২২ দশমিক চার একর জায়গায় ১৬৪টি ভবনে বর্তমানে দু’হাজার ৯৮০টি পরিবার বসবাস করে। এসব পুরনো ভবন ভেঙে এ এলাকায় বহুতল ভবন নির্মাণ করা হবে। এজন্য পুরো এলাকার একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় এই এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের বসবাসের সুযোগ সৃষ্টি হবে। সরকার বর্তমান মেয়াদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সুবিধা ৪০ ভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে শতকরা আট ভাগ সরকারি কর্মকর্তার আবাসিক সুবিধা রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আজিমপুরে চারটি ২০ তলা ভবনের নির্মাণ করা শেষ করা হয়েছে। টেনামেন্ট হাউসে তিনটি ২০ তলা ভবনে ১১৪ জন সচিবের আবাসিক সুবিধা গড়ে তোলা হচ্ছে। এছাড়া, মিরপুর ও পাইকপাড়ায় নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের নির্মাণ কাজ শেষ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যার অনেকাংশেই সমাধান হবে।’
পরে মন্ত্রী ইস্কাটনে টেনামেন্ট হাউসে গ্রেড- ১ কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন বহুতল আবাসিক ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।








