পরিবেশ রক্ষায় পাটের বহুমুখী ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বুধবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আরেফিন সিদ্দিক বলেন,‘পরিবেশকে রক্ষা করার জন্য পাটকে অনেক গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি প্লাস্টিক আমাদের প্রতিনিয়ত যে ক্ষতি করছে, তা থেকে বেরিয়ে আসতে পাটের বহুমুখী ব্যবহারে আমাদের এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য পাট খাত অনেক গুরুত্বপূর্ণ। পাট শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। তাই পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে আমাদের আরও অবগত হতে হবে। পাটশিল্প রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যে বকেয়া বেতন পাবেন এবং এবারের জাতীয় বাজেটে পাট খাতে আরও টাকা বরাদ্দ করার যে দাবি জানিয়েছেন, আমি সে দাবির পক্ষে সমথর্ণ জানাই। কিন্তু যে নিয়ম-নীতি আছে, সে নিয়ম-নীতি অনুযায়ী সরকারের কাছে আপনারা স্মারকলিপি জমা দেবেন। আমি আশা করি, প্রধানমন্ত্রী আপনাদের এ দাবি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। কারণ, গরিব অসহায় মানুষের প্রতি শেখ হাসিনা সবসময় সহানুভূতিশীল।’








