সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎস গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নারায়ণগঞ্জে সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এই আদেশ মঞ্জুর করেন।
এর আগে গত ৪ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ তাকে গ্রেফতার দেখানোর এ আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৭ নভেম্বর নূর হোসেনের বিরুদ্ধে বৈধ আয়ের উৎসবিহীন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক।পরে ওই বছরের ১২ ডিসেম্বর কাশিমপুরের কারাগারে থাকা নূর হোসেন সম্পদ বিবরণী নোটিশ দাখিল করেন। সম্পদে বিবরণীতে এক কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। পরবর্তীতে
দুদকে ওই সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, নূর হোসেনের দুই কোটি ২৬ লাখ ৬৪ হাজার ১৬৪ টাকার স্থাবর সম্পদ ও এক কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৬৯৭ টাকার অস্থাবর সম্পদ, অর্থাৎ মোট চার কোটি ১১ লাখ ১৯ হাজার ৮৬১ টাকার সম্পদ রয়েছে।এখানে তিনি দুই কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।
ওই ঘটনায় গত ২০১৫ সালের ৯ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী নূর হোসেনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।








