‘ধর্ষণ’ শব্দটি বাংলাদেশকে লজ্জিত করে চলেছে বলে মন্তব্য করে এই অপরাধটি বন্ধের যথাযথ উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিক্রমপুর-মুন্সীগঞ্জ সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন। ধর্ষণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও দাবি করা হয়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে। ধর্ষণকারীদের লোলুপ দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। সামাজিক মূল্যবোধের অভাবের কারণেই এসব অপরাধ বেড়ে চলেছে। এছাড়া, অপরাধীদের শাস্তি না হওয়ায় এসব ঘটনা আরও বাড়ছে। ধর্ষণ শব্দটি বাংলাদেশকে লজ্জিত করে চলেছে।
বক্তারা আরও বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন ও ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে কোনও ধর্ষক পার পেয়ে না যায়। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলে কেউ আর ধর্ষণ করার সাহস পাবে না।’
মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান উজ্জ্বল, কবির মনিরুজ্জামান, তাহমিনা আক্তার, তানজিল আক্তার, সঞ্জয় পোদ্দার, মোহসেনুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।








