বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট প্রদত্ত রায় বা নীতিমালা অনুসরণের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘এর ব্যত্যয় হলে দেশের আইনজীবী সমাজ এবং দেশের জনগণ তা গ্রহণ করবে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যে কোনও রকম ব্যত্যয়ের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার।’
সোমবার (৩০ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারপতির স্বল্পতা বিদ্যমান। সেই কারণে আমরা বিগত বছরের ২১ আগস্ট সাধারণ সভায় (আইনজীবী সমিতির) নিয়োগ সংক্রান্ত বিষয়ে সংবিধান মোতাবেক নীতিমালা প্রণয়ন, অথবা হাইকোর্ট বিভাগের ২০১৭ সালের ১৩ এপ্রিলের রিট মামলার প্রদত্ত রায় অনুযায়ী বিচারপতি নিয়োগের দাবি করেছিলাম। বিগত ২৯ মার্চ সর্বশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নীতিমালা প্রণয়ন করে বিচারপতি নিয়োগের দাবি করেছিলাম। পরবর্তীতে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি, আইনের খসড়া (বিচারপতি নিয়োগের) করা হয়েছে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অভিযোগ করে বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, খসড়া নীতিমালা প্রণয়ন না করেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগের পাঁয়তারা হচ্ছে। বিচারপতি নিয়োগ হোক, এটা আমরাও চাই। তবে সেটা যেন সংবিধানের ৯৫ (২) অনুচ্ছেদ অনুযায়ী হয়। বিচারপতি নিয়োগে নীতিমালা বা আইন প্রণয়নে হাইকোর্ট বিভাগের ২০১৭ সালের ১৩ এপ্রিলের রায়ের আলোকে বিচারপতি নিয়োগের জন্য পুনরায় জোর দাবি জানাচ্ছি।’
তিনি মনে করেন, ‘দেশের সর্বোচ্চ আদালতে অবশ্যই দক্ষ, মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন বিচারক নিয়োগের মাধ্যমে একমাত্র বিচার বিভাগ যথাযথ বিচার কার্য পরিচালনায় সক্ষম হবে। বিচারপতিরা সংবিধান মোতাবেক নিয়োগ পাবেন, শপথ নেবেন। এটাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং দেশের জনগণ আশা করে।’
সরকার এবং প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘আমরা সরকার ও প্রধান বিচারপতির কাছে আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে সংবিধান মোতাবেক নীতিমালা প্রণয়নের মাধ্যমে, অথবা হাইকোর্টের রায়ের আলোকে নিয়োগের কাজ অতি দ্রুত সম্পন্ন করবেন। এর ব্যত্যয় হলে দেশের আইনজীবী সমাজ এবং দেশের জনগণ তা গ্রহণ করবে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যে কোনও রকম ব্যত্যয়ের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার।’
এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।








