রাজধানীর উত্তরা এলাকা থেকে ১১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব-১। আটককৃতরা হলেন- রফিক (১৯) ও এনামুল হক (২৫)। এদের মধ্যে রফিক রোহিঙ্গা ক্যাম্পে থাকে বলে জানা গেছে।
শনিবার সকালে উত্তরা ৬ নম্বর সেক্টরের উত্তরা রাজউক কলেজের পশ্চিমে ঈশা খাঁন অ্যাভিনিউ থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর অপারেশন্স অফিসার সামিরা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, আটককৃতরা টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করত। তাদের মধ্যে রফিক রোহিঙ্গা ক্যাম্পে থাকে। সেখান থেকেই ঢাকায় ইয়াবা নিয়ে এসে বিক্রি করে।
ঢাকায় কার আশ্রয়ে এ ব্যবসা করছে এমন প্রশ্নে সামিরা সুলতানা বলেন, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। সে কোন রোহিঙ্গা ক্যাম্পে থাকত, কীভাবে সে ঢাকায় মাদক নিয়ে আসত, কারা তাকেসহ তার সঙ্গীদের সহায়তা করতো এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।








