ভবিষ্যতে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (৬ মে) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। লয়ার্স কালচারাল ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘এ ধরনের গানের অনুষ্ঠান আরও আয়োজন করা উচিত। খুবই ভালো একটি উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করবো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ছাড়া, এতে হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।







