গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। এ আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সোমবার ঘোষণা দিয়েছেন ওই স্থগিতাদেশের বিরুদ্ধে তিনিও উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
হাসান সরকারের আইনজীবীরা আশাবাদী, মঙ্গলবার শুনানি শেষে গাজীপুর সিটি নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত হবে।
সীমানা নির্ধারণে জটিলতার অভিযোগে দায়ের রিটের শুনানি নিয়ে রবিবার (৬ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ওইদিনই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা। তাই এ নির্বাচনকে ঘিরে জোরালো প্রচার চালাচ্ছিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের পর সে নির্বাচনি প্রচারে ভাটা পড়ে। এতে প্রাথমিকভাবে সংক্ষুব্ধতা প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত নেন বিএনপির মেয়র পদপ্রার্থী।
হাসান উদ্দিন সরকারের আইনজীবী জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি দল যখন ভেবেছে তারা গাজীপুর সিটি নির্বাচনে হেরে যাবে তখন তারা রিট করে নির্বাচন স্থগিত করেছে। গাজীপুরে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছে, কাজ করছে। এ অবস্থায় আমরা আপিল করে আজকেই শুনানি করতে চেয়েছিলাম। কিন্তু আদালত মামলাটি আগামীকাল শুনানির জন্য টপ আইটেম হিসেবে রাখার কথা জানিয়েছেন। আগামীকাল এ বিষয়ে শুনানি হবে।’
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নিজেও চাই, চলমান প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হোক। তাই হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আমিও আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি চাই যেকোনও প্রক্রিয়ায় নির্বাচনটা যেন হয়। গাজীপুর সিটির উন্নয়নের স্বার্থে আমরা নির্বাচন চাই। আমরা গণতন্ত্র চর্চা করতে চাই। গাজীপুর সিটির নির্বাচনের স্বার্থে আমি সবার কাছে সহযোগিতা চাই।’
জাহাঙ্গীর আলমের আইনজীবী শফিকুল ইসলাম বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি। এটি সময়সাপেক্ষ বিষয়। এখন দেখা যাক, আপিল ফাইল করতে কতটুকু সময় প্রয়োজন হয়।’
সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত রবিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।








