রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল। একই সঙ্গে এভিয়েশন ও পর্যটনখাতের সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার (৮ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেছেন তিনি।
এসময় বিমানমন্ত্রী বলেন, ‘বিমান থেকে নামার পর লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কিন্তু কেন? আমি মন্ত্রী, আমি নিজেই বিমান (বিমান বাংলাদেশ)-এর সেবায় সন্তুষ্ট না। অন্যের কথা কী বলবো।’
তিনি আরও বলেন, ‘আমাকে দুইজন মন্ত্রী বলেছেন- লাগেজ যদি দ্রুত দিতে পারেন তাহলে সবাই আপনাদের কথা মনে রাখবে। মরক্কোতে ২০ মিনিটের মধ্যে লাগেজ দিয়েছে। তাহলে আমরা কেন দিতে পারবো না। আমাদের কী সমস্যা, কী লাগবে? এ বিষয়ে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশনকে ডেকে দ্রুত এ সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। তিনি আমার কাছে দুই মাসের সময় চেয়েছেন।’
পর্যটন খাতে বরাদ্দ বৃদ্ধি, এ সেক্টরে প্রণোদনা প্রদান, টিকিটের কমিশনের ওপর ভ্যাট প্রত্যাহার, প্রতিবছর পর্যটন পদক প্রদানসহ এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে যথাযথ পদক্ষেপের প্রতিশ্রুতি দেন শাহজাহান কামাল।
আয়োজক সংগঠন ডিআরইউ-এটিজেএফবি’র সভাপতি নাদিরা কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত সিইও নিখিল রঞ্জন রায়, টোয়াবের ভাইস প্রেসিডেন্ট ফরিদুল হক, ইউএস বাংলার সিইও ইমরান আসিফ, নভো এয়ারের এমডি মফিজুর রহমান, ম্যাঙ্গো টুরের এমডি মাসুদ হোসেন, বাংলাদেশ বিমানের জিএম শাকিল মেরাজ, বিটিবি’র গভর্নিং বোর্ড সদস্য জামিউল আহমেদ, আটাবের নূরুল আলম শাহিন প্রমুখ।








