মানবজমিন পত্রিকার সাংবাদিক তৌফিক উদ্দিন (৫২) আর নেই। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে সাংবাদিক তৌফিক গুরুতর অসুস্থ হলে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে ২০০৯ সালে তৌফিক উদ্দিনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এতে তিনি পক্ষঘাতগ্রস্ত হন। এরপর দেশে নানা ধরনের চিকিৎসা নিয়েও তার অবস্থার উন্নতি হয়নি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। তার বড় মেয়ে নুসরাত তৌরিন আহমেদ চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ছোট মেয়ে দশম শ্রেণির ছাত্রী। বুধবার বাদ জোহর স্থানীয় চাঁদ মসজিদে জানাযা শেষে আজিমপুর করবস্থানে তাকে দাফন করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য তৌফিক উদ্দিনের মৃত্যুতে সংগঠনটি শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সৈয়দ শুকুর আলী শুভ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








