রাজধানীর ডেমরায় নির্মাণাধীন একটি ভবনের ওপর থেকে নির্মাণ সামগ্রী পড়ে জিয়াউল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নির্মাণাধীন ভবনটির মালিক। বৃহস্পতিবার (১০ মে) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকব্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা জিয়াউল হককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
মৃত জিয়াউরের ছেলে মামুন জানান, ডেমরার বড়ভাঙ্গা আইডিয়াল রোডে নির্মাণাধীন ৩য় তলা ভবনের কাজের তদারকি করার সময় ঝড়ে ওপর থেকে বেশ কয়েকটি ইট ভেঙ্গে নিচে পড়ে, সেখানে বাবা ও এক শ্রমিক ছিলেন। তাদের ওপর ইট পরে। এতে দু’জনই আহত হন। বাবাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলার শিবপুর থানার মুন্সীপেরচড় গ্রামের চান্দোআলী গাজীর ছেলে মৃত জিয়াউর। তিনি সমাজসেবা অধিদফতরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।








