বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ এবং পরিচালনার সঙ্গে বাংলাদেশি কোনও ব্যক্তি যুক্ত নয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শুক্রবার (১১ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এসময় জোনায়েদ সাকি বলেন, ‘মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট যাচ্ছে, এটা ভালো কথা। কিন্তু স্যাটেলাইট তো বাংলাদেশ থেকে যাওয়ার কথা। আমাদের দেশের শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের দেশের বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিজ্ঞানী, তাদের তত্ত্বাবধানে এই স্যাটেলাইট যাওয়ার কথা। আমাদের প্রযুক্তি এবং জনশক্তিকে এমন জায়গায় নেওয়ার কথা, যাতে স্যাটেলাইটের পুরো ব্যাপারটা আমরা পরিচালনা করতে পারি। কিন্তু তা হচ্ছে না। প্রযুক্তি থেকে শুরু করে সব কিছুই বিদেশিদের ওপর নির্ভর করে, কেবলমাত্র টাকার বিনিময়ে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে। এই উৎক্ষেপণ এবং পরিচালনায় বাংলাদেশের কোনও মানুষ, প্রকৌশলী, বিজ্ঞানী যুক্ত নন।’
টাকা দিয়ে অন্যদের ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘জনগণের তিন হাজার কোটি টাকা দিয়ে যে স্যাটেলাইট কেনা হয়েছে, তা বাণিজ্যকরণের মাধ্যমে এই দেশেরই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সুবিধা করে দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টা সেসব প্রতিষ্ঠানে আছেন। জনগণের টাকায় ব্যবসা করবে কয়েকজন রাজনৈতিক ফকিরা। এই হচ্ছে আজকের বাংলাদেশের চিত্র।’
বিশেষ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য সরকার এলএনজি আমদানি করছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, ‘এই সরকার ৯ বছর ধরে ক্ষমতায় আছে। তারা এখন পর্যন্ত কোনও গ্যাস উত্তোলন করে নাই। গ্যাস উত্তোলনের জন্য বাপেক্সকে যেভাবে কাজ দেওয়া দরকার ছিল, তা না করে সংস্থাটিকে বসিয়ে রেখেছে। গ্যাস উত্তোলন না করে ক্রমবর্ধমান যে চাহিদা তা মেটানোর জন্য আজকে সরকার এই কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে এলএনজি আমদানির মাধ্যমে সেই কৃত্রিম সংকট কাটানোর কথা বলছে।’
তিনি আরও বলেন, ‘সংকট প্রথমে তারা তৈরি করবে, তারপর সেই সংকটকে পুঁজি করে তারা যে সমস্ত নীতি গ্রহণ করতে চায়- সেই সমস্ত নীতি তারা কার্যকর করবে। বিশেষ কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য তারা এখন এলএনজি আমদানি করছে। এলএনজির দাম সহনীয় করার জন্য গ্যাসের দাম তারা এলএনজির সমান করছে। এইভাবে তারা বলছে গ্যাসের দাম বৃদ্ধি না করে উপায় নেই। গ্যাসের দাম বৃদ্ধি পেলে বিদ্যুতের দামও বাড়বে। আসল কথা হচ্ছে দাম বৃদ্ধির মাধ্যমে লুটপাট করা।’








