কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ ছেড়ে গেছেন। ফলে ৭ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে।
কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে সোমবার দুপুর পৌনে ১২টা থেকে সড়ক অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। এতে শাহবাগের আশেপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলন করে রাজপথের আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে শুধু রাজপথের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর। সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার ওপর আস্থা রেখে আমরা রাজপথের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু সারাদেশে ক্লাস-পরীক্ষা বর্জন চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’ প্রজ্ঞাপন জারির পর সব কর্মসূচি বাতিল করা হবে বলে জানান তিনি।
ঘোষণার পরপরই ৭ ঘণ্টা পর খুলে দেওয়া হয় রাস্তা। যান চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানান শাহবাগ এলাকার ট্রাফিক ইন্সপেক্টর সারওয়ার-ই-দ্বীন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যারিকেড তুলে নিয়েছে আন্দোলনকারীরা। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’








