রাজধানীর রামপুরা এলাকায় বকেয়া বেতনের দাবিতে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। বৃহস্পতিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টা থেকে জড়ো হওয়ার পর দুপুর ১টা থেকে শ্রমিকরা গার্মেন্টসের সামনের সড়ক অবরোধ করে রেখেছে।
আশিয়ানা গার্মেন্টসের শ্রমিক নাজমা জানান, ‘আজকে (৩১ মে) আমাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন দেওয়া হয়নি। আমাদের বোনাসও দেওয়া হয়নি। তাই আমরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছি।’
রামপুরা থানার ডিউটি অফিসার এসআই মুকুল মিয়া জানান, ‘গার্মেন্টস শ্রমিকরা সকাল থেকে রাস্তায় বসে ছিল। দুপুরের দিকে তারা রাস্তার দুই পাশেই অবরোধ করে অবস্থান নেয়। আমরা রাস্তা খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।’








