কুমিল্লা ও কক্সবাজারে ‘বন্ধুকযুদ্ধে’র ঘটনায় আরও দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। শুক্রবার (১ জুন) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম নামের একজন এবং কক্সবাজারের চকরিয়ায় ‘মাদক ব্যবসায়ীদের’ দুই গ্রুপের বন্দুকযুদ্ধে শাহজাহান নামে আরও একজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল জানান, কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (১ জুন) দিবাগত রাত সোয়া ২টার দিকে জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে।
তিনি আরও জানান, ওই অভিযানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও তিন রাউন্ড কার্তুজ ভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহত সাদ্দামের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১২ টি মামলা রয়েছে।
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ওসি বখতিয়ার উদ্দিন জানান, কক্সবাজারে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে মো. শাহজাহান (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার(১ জুন) দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের মধ্যম বানিয়াছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান বানিয়াছড়া এলাকার ফরিদুল আলমের ছেলে।
ওসি আরও জানান, চকরিয়াতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল বানিয়ারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহটি মো. শাহজাহান নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীর বলে স্থানীয়রা শনাক্ত করেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ হাজার পিস ইয়াবা, বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
নিহতের শাহজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় চকরিয়া থানা পুলিশ।








