‘পানি সেচে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৮, ১৭:০৬আপডেট : ০২ জুন ২০১৮, ২০:০৬

গোলটেবিল বৈঠকে বক্তারা পাম্পিং করে সেচে রাজধানীর জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, ১৯৮৮ সালের বন্যার পর বাঁধ দিয়ে ঢাকাকে গামলা বানিয়ে ফেলা হয়েছে। এরপর পাম্পিং করে পানি অপসারণ করা হচ্ছে। শুধু পাম্প দিয়ে পানি সেচে জলাবদ্ধতা নিরসন করা যাবে না। প্রয়োজনে জমি অধিগ্রহণ করে খাল-ড্রেন নেটওয়ার্ক তৈরি করতে হবে। খালগুলোকে আগের অবস্থায় ফিরে আনতে হবে।

শনিবার (২ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগ ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আকতার মাহমুদ। সঞ্চালনা করেন বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান।

বৈঠকে স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘১৯৮৮ সালের বন্যার পর বাঁধ দিয়ে ঢাকাকে গামলা করে দেওয়া হলো। এখন পাম্পিং করে পানি অপসারণ করা হচ্ছে। রাস্তা থেকে ফ্লাইওভার পর্যন্ত পানি জমে। মাত্র ৩৫ মিলিমিটারের পানি হজম করতে পারে না। প্রয়োজনে জমি অধিগ্রহণ করে খাল-ড্রেন নেটওয়ার্ক তৈরি করতে হবে। খালকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। শুধু পাম্প দিয়ে পানি সেচে সেচে জলাবদ্ধতা নিরসন করা যাবে না।’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘গত ১৬ জুন জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারমন্ত্রীর উপস্থিতিতে সেমিনারে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে কেন আজও কার্যকর করা হলো না, তার বিচার হওয়া উচিত।’

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘ওয়াসার এমডির ক্ষমতার খুঁটি কোথায়? নিশ্চয় সরকার। তাহলে কেন জলাবদ্ধতা কমছে না। দেশে বড় বড় বিল্ডিং হবে, ফ্লাইওভার হবে, কিন্তু যানজট কমবে না। জনগণ সুফল পাবে না। একে উন্নয়ন বলা যাবে না।’

বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) পরিচালক আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের রাস্তার লেভেল এক নয়, এ কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্যাপ বাস্তবায়ন হলে এই সমস্যাগুলো কমে আসবে। আর যারা খাল, পুকুর ও নদী দখল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা হয়েছে।’

ঢাকা ওয়াসার পরিচালক শহীদ উদ্দিন বলেন, ‘২০১১ সাল থেকে আমরা ড্রেনেজ ব্যবস্থাকে এক হাতে নেওয়ার জন্য বলে আসছি। একাধিক সংস্থা কাজ করায় একটু সমস্যা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টির পর পানি নিষ্কাশনের যে লাইন আছে, তা দিয়ে পানিকে তার গন্তব্যে পৌঁছতে যে সময় লাগে শুধু সেই সময়ই জলাবদ্ধতা থাকে। এটা দীর্ঘক্ষণ হয় না।’

গৃহায়ণ ও গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি বলেন, ‘ওয়াসার দাসেরকান্দি স্যুয়ারেজ প্রকল্পের কথা দীর্ঘ ১০ বছর ধরেই শুনে আসছি। কিন্তু বাস্তবায়ন নেই। নগরীর যেসব সংস্থা রয়েছে, তাদের কাজে মনে হচ্ছে কারও কাছে কেউ কম নয়।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সচিব দুলাল কৃষ্ণসাহা বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। দুই সিটিতে আরও ১০টি জোন বৃদ্ধি করা হয়েছে। তবে কাজে সমন্বয়হীনতা আছে।’ রাজউক তার সিদ্ধান্তগুলো সেভাবে বাস্তবায়ন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘আমরা যারা নিজেদের পরিবেশবাদী বা পরিকল্পনাবিদ দাবি করছি, তারাই বিভিন্ন প্রকল্প নিয়ে সড়কের অবস্থা খারাপ করে ফেলছি। কোনও উন্নয়নকাজে জনগণের সম্পৃক্ততা নেই। এসব কারণেই জলাবদ্ধতা বাড়ছে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হাসিবুর রহমান মানিক বলেন, ‘ওয়াসার কারণেই ঢাকায় জলাবদ্ধতা বাড়ছে। ওয়াসাকে ড্রেন পরিষ্কার রাখার জন্য প্রতিটি ওয়ার্ডে অন্তত ১০ জন করে পরিচ্ছন্নতাকর্মী রাখতে হবে।’ আরেক কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বলেন, ‘সরকারের একার পক্ষে কোনও কাজ করা সম্ভব নয়। এজন্য সেবা সংস্থাগুলোর পাশাপাশি আমরা যারা জনপ্রতিনিধি ও নগরবাসী রয়েছি তাদেরও নগর সেবায় সচেতন হতে হবে।’

বিআইডব্লিউটিএর সাবেক নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমদ বলেন, ‘ঢাকা থেকে পানি অপসারণের পথ পরিষ্কার রাখতে হবে। সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তবেই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।’

বৈঠকের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তৌহিদুল হক, বেসরকারি সংস্থা ডরপ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আমির খসরু প্রমুখ।

 

/এসএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম