আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বেচায় অনিয়ম-দুর্নীতি দেখলে হটলাইন ১০৬ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। রবিবার (৩ জুন) সকাল ১১টায় কমলাপুর রেলস্টেশনে অভিযান পরিচালনার সময় এ অনুরোধ জানান দুদক কর্মকর্তারা।
দুদকের উপপরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান চলার সময় দুদক কর্মকর্তারা স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, লাইন ভেঙে ও তদবিরের মাধ্যমে অগ্রিম টিকিট কেনা-বেচা হচ্ছে। অভিযোগগুলো শোনার পর দুদক প্রতিনিধিরা স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তীতে সঙ্গে নিয়ে টিকিট কাউন্টারগুলোর ভেতরের কার্যক্রম ঘুরে দেখেন। একইসঙ্গে স্টেশন ম্যানেজারকে টিকেট বেচায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার নির্দেশ দেন। পাশাপাশি স্টেশনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনী (জিআরপি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) টিমকে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ ও টিকিট কেনা-বেচায় শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন।
রেলস্টেশন পরিদর্শন শেষে যাত্রীদের মাঝে দুদক অভিযোগকেন্দ্র ১০৬-এর স্টিকার ও লিফলেট বিলি করেন দুদকের সদস্যরা। টিকিট কেনা-বেচার প্রক্রিয়ায় কোনও অনিয়ম, স্বজনপ্রীতি এবং ঘুষ লেনদেনের ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে অভিযোগ করতে অনুরোধ জানান তারা।
অভিযান পরিচালনা সমন্বয়কারী মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘ঈদের টিকিট ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত রাখতে দুদক সার্বক্ষণিক নজরদারি করছে। এ নিয়ে কোনও অনিয়ম বা দুর্নীতি হলে ভুক্তভোগী যাত্রীদের পাশে দাঁড়াবে দুদক।’








